আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও কিছু যায় আসে না। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
দেশের সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি সার্চ কমিটিতে নাম দিলো, কী দিলো না তাতে কিছু যায় আসে না। সার্চ কমিটি তাদের অবস্থান থেকে এমন একটি নির্বাচন কমিশন গঠন করবে। যা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। ভুঁইফোড় রাজনৈতিক দলও রয়েছে। বিএনপি ২০ দল নিয়ে জোট আছে, এটা বাড়িয়ে আরও ৩০টা দল হতে পারে। কিন্তু দেখতে হবে জনগণের সঙ্গে কতটুকু ঐক্য ও ভিত্তি আছে। দলের সংখ্যা বড় নয়।
বিএনপি নির্বাচনে অংশ নেবে আশা ব্যক্ত করে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা (বিএনপি) যতই আন্দোলনের হুমকি দিক না কেন- অতীতের অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা পেয়ে থাকে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নেবে।
এসময় আওয়ামী লীগের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) সার্চ কমিটিতে নাম পাঠানো হবে বলেও জানান আব্দুর রাজ্জাক।